সাতক্ষীরায় এডিসি রাজস্বের অপসারণ দাবিতে আইনজীবীদের জরুরি তলবি সভা, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুমার বিশ্বাসের বিরুদ্ধে সাধারণ আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, লাঞ্ছিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং ঘুষ-দুর্নীতির অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে জরুরি তলবি সভা করেছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি।

সোমবার (২ নভেম্বর) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের নিচতলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শ্রী গোবিন্দ চন্দ্র বল্লভ। সভা পরিচালনা করেন সমিতির বর্তমান সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন।

সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র বল্লভ, অ্যাডভোকেট মো. নুরুল আমিন, অ্যাডভোকেট শাহরিয়ার আসিফ, অ্যাডভোকেট সাহারাফ হোসাইন সুজন, অ্যাডভোকেট স্বপন কুমার মণ্ডল, অ্যাডভোকেট ইসলাম খোকন, অ্যাডভোকেট হীরা প্রমুখ। সভায় প্রায় ২০০ জন আইনজীবী উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্টরা জানান।

সভায় বক্তারা অভিযোগ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুমার বিশ্বাস দায়িত্ব পালনকালে আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং একাধিক আইনজীবীকে হুমকি দিয়েছেন। তাঁদের দাবি, এর আগেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত বর্জনের মতো কর্মসূচি পালন করা হয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, ঈদের সময় সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আকরাম আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার মীমাংসার জন্য আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন তাঁর কাছে গেলে তাঁকেও একটি কক্ষে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলে সভায় অভিযোগ উত্থাপন করা হয়।

বক্তারা জানান, এর আগে তাঁর অপসারণের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল। নির্ধারিত সময় অতিবাহিত হলেও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় পুনরায় জরুরি তলবি সভা আহ্বান করা হয়েছে।

সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, বিভাগীয় কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা এবং গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুমার বিশ্বাসকে সাতক্ষীরা থেকে অপসারণ করা না হলে আইনজীবী সমিতির পক্ষ থেকে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে সভায় উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুমার বিশ্বাসের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।