‘গুলশানের চামেলি’ ছাড়ছেন না মধুমিতা, শুটিং শুরু ১ ডিসেম্বর

নায়িকার সিনেমা থেকে সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন পরিচালক, এফডিসিতে শুরু হবে শুটিং

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বাংলাদেশের সিনেমা ‘গুলশানের চামেলি’ থেকে সরে দাঁড়াচ্ছেন—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক মোহাম্মাদ ইকবাল। তিনি নিশ্চিত করেছেন, মধুমিতাকে নিয়েই আগামী ১ ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

রোববার (১ নভেম্বর) ঢাকা পোস্টকে পরিচালক বলেন, ‘এসব কথা কে বলেছে, আমি জানি না। ডিসেম্বর থেকে আমাদের শুটিং শুরু হবে। ১ ডিসেম্বর এফডিসির ফ্লোরে মধুমিতাকে নিয়েই ক্যামেরা ওপেন করব।’

নায়িকার সিনেমা ছেড়ে যাওয়ার গুঞ্জন নিয়ে খুব একটা চিন্তিত নন পরিচালক। বরং এমন আলোচনায় সিনেমাটির প্রচার হয়েছে বলে মনে করেন তিনি। ইকবালের ভাষায়, এ ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়ায় সিনেমাটি প্রচারণা পেয়েছে।

অন্যদিকে অভিনেত্রী মধুমিতা সরকারও একটি সংবাদমাধ্যমে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তাঁর ধারণা, একটি চক্র পরিকল্পিতভাবে সিনেমা থেকে তাঁর সরে দাঁড়ানোর খবর ছড়াচ্ছে।

গত আগস্টে ঢাকায় ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরতে উপস্থিত ছিলেন মধুমিতা। প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় যুক্ত হতে পেরে তখন উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি।

প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন পরিচালক মোহাম্মাদ ইকবাল। নানা কারণে এত দিন শুটিং শুরু করা সম্ভব হয়নি। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিতব্য সিনেমাটিতে মধুমিতা ছাড়াও অভিনয়ের কথা রয়েছে রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগরের।

পশ্চিমবঙ্গের ছোট পর্দায় ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পান মধুমিতা। বাংলাদেশে এর আগে ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ‘গুলশানের চামেলি’ হতে যাচ্ছে তাঁর প্রথম বাংলাদেশি সিনেমা।