বড় পর্দার তারকা হওয়ায় ওটিটিতে কাজ না করার পরামর্শ পেয়েছিলেন অভিনেত্রী কীর্তি সুরেশ। তবে সেই পরামর্শ উপেক্ষা করে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘আক্কা’র মাধ্যমে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে তাঁর। পিরিয়ড অ্যাকশনধর্মী সিরিজটিতে ভিন্নধর্মী এক গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।
এক সাক্ষাৎকারে কীর্তি জানান, তাঁকে বলা হয়েছিল, বড় পর্দার তারকা হিসেবে তাঁর ওটিটিতে কাজ করা উচিত নয়। তবে তিনি সেই পরামর্শে কান দেননি। অভিনেত্রীর মতে, একসময় সিনেমার তুলনায় ওটিটিকে কম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা হলেও এখন সেই ধারণা অনেকটাই বদলে গেছে।
কীর্তি মনে করেন, বিশেষ করে করোনাভাইরাস মহামারির পর বিনোদন জগতে বড় পরিবর্তন এসেছে। সিনেমা ও ওটিটি—দুটি মাধ্যমই পাশাপাশি চলতে পারে। গল্প ও নির্মাণের ধরন অনুযায়ী কোনো কাহিনি প্রেক্ষাগৃহের জন্য উপযুক্ত, আবার কোনো গল্প স্ট্রিমিং প্ল্যাটফর্মে বেশি ভালোভাবে তুলে ধরা সম্ভব।
তবে শুধু কাজ করার জন্য কাজ করতে চান না বলেও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কাছে গল্প ও চরিত্রের গুরুত্বই সবচেয়ে বেশি।
‘আক্কা’ সিরিজের গল্প আবর্তিত হয়েছে কাল্পনিক তেলেগু শহর পের্নুরুকে ঘিরে। শহরটির অপরাধজগতের নিয়ন্ত্রণে থাকা তিন বোন ‘আক্কা’ নামে পরিচিত। সিরিজে ভবানী নামের এক শান্ত স্বভাবের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন কীর্তি।
চরিত্রটি নিয়ে কীর্তি জানান, ভবানীর সংযত ব্যক্তিত্ব, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও রাজকীয় আচরণ বুঝে ওঠা তাঁর জন্য বেশ কঠিন ছিল। চরিত্রটির এই বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তুলতে তাঁকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হয়েছে।
সিরিজটিতে কীর্তির পাশাপাশি অভিনয় করেছেন রাধিকা আপ্তে, তন্বী আজমি, মহেশ মাঞ্জরেকর, অংশুমান পুষ্কর ও মনিকা পানওয়ার।
নেটফ্লিক্স ও যশ রাজ ফিল্মস এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত সিরিজটি আগামী ৩০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।