সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাসের বিরুদ্ধে সাধারণ আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পেশাগত দায়িত্ব পালনে বাধা, লাঞ্ছিত ও হুমকি প্রদানসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে জরুরি তলবি সভা করেছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি।
সোমবার (২ নভেম্বর) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের নিচতলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট শ্রী গোবিন্দ চন্দ্র বল্লভ। সভা পরিচালনা করেন সমিতির বর্তমান সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন।
সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র বল্লভ, অ্যাডভোকেট মো. নুরুল আমিন, অ্যাডভোকেট শাহরিয়ার আসিফ, অ্যাডভোকেট শাহারাফ হোসাইন সুজন, অ্যাডভোকেট স্বপন কুমার মণ্ডল, অ্যাডভোকেট ইসলাম খোকন, অ্যাডভোকেট হিরাসহ সমিতির একাধিক আইনজীবী। সভায় প্রায় ২০০ জন আইনজীবী উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্টরা জানান।
সভায় বক্তারা অভিযোগ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাসের আচরণে আইনজীবীদের পেশাগত মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন হচ্ছে। এর আগে তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে আইনজীবীদের হুমকি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। এসব ঘটনার প্রতিবাদে অতীতে তিনবার আদালত বর্জনের কর্মসূচিও পালন করা হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, ঈদের সময় জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আকরাম আলীকে মারধর করা হয়। এ ঘটনার মীমাংসার জন্য আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন তাঁর কাছে গেলে তাঁকেও একটি কক্ষে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়।
এর আগে তাঁর অপসারণের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নির্ধারিত সময় পার হলেও দাবি পূরণ না হওয়ায় এবার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জরুরি তলবি সভা আহ্বান করা হয়েছে।
সভায় বক্তারা প্রধানমন্ত্রীর দপ্তর, আইন মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান তাঁরা।
আইনজীবীরা বলেন, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দ্রুত তাঁকে সাতক্ষীরা থেকে প্রত্যাহার বা অপসারণ করা না হলে আইনজীবী সমিতির পক্ষ থেকে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে এসব অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস কে একাধিকবার ফোন দিলেও যোগাযোগ বা বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযোজন করা হবে।